বহু জল্পনা কল্পনার পর ঘোষিত হলো রাঙামাটি পৌরসভা নির্বাচনের তফসিল। ঘোষণা অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসে, দেশের আরো ৫৪ টি পৌরসভার সাথে অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণীর এই পৌরসভাটির নির্বাচন।
তফসিলেই বলা আছে,প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি,সেই হিসেবে হাতে আছে ১৪ দিন। এর আগেই নিশ্চিত করতে হবে দলগুলোর,কে হবেন তাদের দলীয় প্রতীকের নিজস্ব প্রার্থী।
রাঙামাটি পৌরসভায় এবারের নির্বাচনে ধারণা করা হচ্ছে,আওয়ামীলীগ ও বিএনপির নিজস্ব দুই প্রার্থীর পাশাপাশি একজন বাঙালী স্বতন্ত্র প্রার্থী এবং একজন পাহাড়ী প্রার্থী থাকবেন,আঞ্চলিক দলগুলোর সমর্থনপুষ্ট। সেই হিসেবে চারজনেই লড়তে পারেন !
ক্ষমতাসীন আওয়ামীলীগ বেশ আগেই নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে। রাঙামাটিতে স্বল্পতম সময়ের মধ্যেই সহসভাপতিদের মতামত নিয়ে সেই প্রার্থীর নাম ঢাকায় বসে চূড়ান্ত করে কেন্দ্রেও জমা দেয়া হয়েছে। কিন্তু কে সেই প্রার্থী নিশ্চিত জানেন না কেউ,যেহেতু মুখ খুলছেন না নেতারা। তবে রাজনীতি সচেতনদের ধারণা, বর্তমান মেয়র আকবর এবং সাবেক মেয়র হাবিব, এই দুজনের যেকোন একজন হতে পারেন এবার নৌকার মাঝি।
তবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর রবিবার রাতে পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন,আমরা আমাদের কাজ শেষ করেছি,এখন কেন্দ্র থেকেই ঘোষণা আসবে। আমরা আগ্রহী ১১ জন,সবার নামই জমা দিয়েছি,কেন্দ্র সবকিছু বিবেচনা করে,যাকে যোগ্য মনে করবে,তাকেই মনোনয়ন দিবে। ৩/৪ দিনের মধ্যে ঘোষণা আসতে পারে।’
অন্যদিকে তফসিল ঘোষণা হয়ে গেলেও এখনো প্রার্থী প্রশ্নে ভ্রান্তি কাটাতে পারেনি বিএনপি। দলটি সোমবার প্রার্থীদের আনুষ্ঠানিক সাক্ষাৎকার নিবে এবং তাদের কাছ থেকে জানবে কিছু প্রয়োজনীয় তথ্য,তারপর সিদ্ধান্ত জানাবে। সেই বৈঠকে কেন্দ্র ঠিক করে দেয়া সুপার ফাইভ ছাড়াও সহযোগি সংগঠনের বেশ ক’জন নেতা এবং জেলা কমিটির সহসভাপতি,যুগ্ম সম্পাদক পর্যায়ের একাধিক নেতাও অংশ নেয়ার তথ্য জানা গেছে। শোনা যাচ্ছে, বিএনপির প্রার্থীতা মূলত: এখন যাদের ঘিরে আবর্তিত হচ্ছে,তারা হলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ এবং জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল। এদের মধ্য থেকেই একজন মনোনয়ন পাবেন। নানান সমীকরণে যদিও এখন মামুনের এগিয়ে থাকার কথা শোনা যাচ্ছে।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জানিয়েছেন, সোমবার সবার সাথে আলোচনার পর ২/১ দিনের মধ্যেই আমাদের প্রার্থীতার ঘোষণা দিব। আশা করছি,সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হতে পারবেন,এমন প্রার্থীকেই বেছে নিতে পারব আমরা।’
