লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে ব্যবসায়ীকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে মানববন্ধন করার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মাদ আলী। তিনি এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান। বৃহস্পতিবার দুপুরে লংগদু প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার, প্রতিবেশি কুলসুম বেগম, মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আলী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২৭ মার্চ উপজেলার গুলশাখালী ইউনিয়নে চৌমূহনী বাজারে স্থানীয় কিছু লোক আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়ে মানববন্ধন করে। সেখানে তাঁরা বলেন আমি নাকি ৬০/৭০ একর জমি জোর করে দখল করেছি। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। এমনকি মানববন্ধনে যারা অংশ নিয়েছে তারা কেউ আমার প্রতিবেশি না এবং তাদের কারো সাথেই আমার কোনো লেনদেন নাই। এই মানববন্ধন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি জন্মসূত্রে লংগদু উপজেলার বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। আমার ঘাম ঝড়ানো টাকা দিয়ে ২০০৮ সাল থেকে উপজেলার গুলশাখালী ইউনিয়নে ৩৮৬ নং মৌজায় আমি ও আমার স্ত্রী, স্ত্রীর ভাই এবং আমার বড় ভাইয়ের নামে প্রায় বিশ একর খাস জমি দখলসূত্রে ক্রয় করি। সেই সব জমি ক্রয়ের দলিলে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের স্বাক্ষর রয়েছে। বর্তমানে সেই জমিতে আমার বাগান ও মাছ চাষের পুকুর রয়েছে। আমি যদি অন্যায়ভাবে কিছু করে থাকি আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিবো।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী নিজের উপার্জনের টাকা দিয়ে জমিগুলো ক্রয় করেছে। তাহলে আজ কেন তাঁকে ভূমিদস্যু বলে মানহানি করা হচ্ছে। যারা মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আপনারা সাংবাদিকরা খোঁজ নিয়ে দেখেন তারা কারা? কার ইশারায় এই মিথ্যা অভিযোগ করা হলো। আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
