বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে বাঘাইছড়ি এলাকাবাসী। রবিবার নিহত-আহত পরিবারের পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের কাছে স্মারকলিপি পেশ করেন আহত ও নিহতদের স্বজনরা।
মানববন্ধনে সোলাইমান সজীবের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনী দায়িত্ব পালন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে নির্বাচনে দায়িত্বপালনকারীদের গাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন নিহত ও আহতদের স্বজনরা।
