রাঙামাটি পৌরসভা নির্বাচনে নৌকারমাঝি হিসেবে ইতোমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বে ঘোষণা নিয়ে মাঠে নেমে পড়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী। সম্ভবত তার প্রধান প্রতিদ্বন্দ্বি হতে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপি’র অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া না হলেও দলটির দায়িত্বশীল সূত্রগুলো,দলীয় প্রার্থী হিসেবে সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনের কথাই জানিয়েছেন।
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, ‘এখনো দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও রাঙামাটি থেকে আমাদের পাঁচজনের যৌথসাক্ষরে কেন্দ্রে আমার নাম পাঠানো হয়েছে,সেটি দেশের অন্যান্য পৌরসভার মতো কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। সম্ভবত: শুক্রবারই ঘোষণা আসবে।’ এবং সেই ঘোষণায় ‘নিজের নামই আসবে’ বলে আশাবাদি মামুন।
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির জানিয়েছেন, ‘আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনয়ন কমিটির সবাই যৌথ সাক্ষরে মামুনের নাম পাঠিয়েছি,এখন কেন্দ্র থেকে ঘোষনা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত মামুনই হচ্ছেন আমাদের ধানের শীষের প্রার্থী।’
পনির জানিয়েছেন, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা আছে,কিন্তু ধানের শীষের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। যদি নির্বাচন সুষ্ঠ হয় ও সুন্দর পরিবেশে হয়,তবে জয়ের ব্যাপারেও আমরা আশাবাদী।
