মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী (১৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা এক বখাটের হামলায় আহত হয়। এ ঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে। অভিযুক্ত আটকের খবর ও সুষ্ঠু বিচারের দাবি জানাতে স্কুল শিক্ষার্থীরা থানার সামনে এসে জড়ো হয়। পরে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে জানালে তারা ক্লাসে ফিরে যায়।
থানা পুলিশ সূত্র জানায়, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী (১৬) গত শনিবার (২৫ সেপ্টেম্বর) স্কুল ছুটি শেষে নিজ বাড়ি মরাডলু যাওয়ার পথে কর্নেল বাগান এলাকায় ওৎপেঁতে থাকা এক বখাটে ওই ছাত্রীকে টানাহেঁচড়া করলে ছাত্রী বখাটের হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে চাইলে ওই বখাটে দা দিয়ে ছাত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহত ছাত্রী চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে অজ্ঞাতনামা অভিযুক্তকে ধরতে তৎপরতা চালায় এবং সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সন্দেহবশত মো. হোসেন আলী (৩০) নামে একজনকে আটক করে। আটক হোসেন আলী মানিকছড়িকে পূর্ব এয়াতলংপাড়ার আবদুল মোতালেব ছেলে।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম বলেন, ‘স্কুলছাত্রীকে উত্যক্ত ও আহতের ঘটনায় এক যুবক আটক করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’
