‘উন্নত দেশ গড়তে উন্নত কর্ম পরিবেশ চাই’- এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তা কর্তৃক (ইউএনও) ‘ক্ষমতার অপব্যবহার’ করে উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে ইউএনও মো: জসিম উদ্দিনের অপসারণ ও শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই মাবনবন্ধন কোন পেশা বা কোন সার্ভিসের বিরুদ্ধে নয়। আমাদের এই মাবনবন্ধন ব্যক্তি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে। কারন তিনি তার ইউএনও পদটি ব্যবহার করে এই অপকর্মটি করেছেন এবং একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে তার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি ইউএনও মো: জসিম উদ্দিন এ অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নিবার্হী প্রকৌশলী মো. আবু তালেব চৌধুরী, সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, অন্তিক দাশ, সদর উপজেলার প্রকৌশলী মো. জামাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ নিবার্হী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
