নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সরকারি চাল ট্রাকযোগে পাচারের সময় ৩শ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় জিকু (৩৫) নামে এক যুবককেও আটক করা হয়। বুধবার রাতে জেলা সদরের সূয়ালকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বান্দরবান থেকে রাতের আঁধারে চট্টগ্রামে ট্রাকযোগে পাচারের সময় বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক ইউনিয়নের জেলা পরিষদের টোল পয়েন্টে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালসহ ট্রাকটি জব্দ করে সদর থানায় নিয়ে আসে। এসময় জিকু নামে একজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ আলীর সহকারী।
স্থানীয়দের অভিযোগ, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য গুদাম কর্মকর্তাদের যোগসাজসে বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চোরাকারবারি সিন্ডিকেট চক্র নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর রেশনের চাল নিলামের মাধ্যমে ক্রয় দেখিয়ে দীর্ঘদিন ধরে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ওএমএস এবং খাদ্যশস্যের চাল পাচার করে আসছে। বুধবারও নিলামের চালের কাগজ দেখিয়ে প্রতিটি ৫০কেজি ওজনের ৩শ বস্তা (১৫টন) চাল নিয়ে ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৯৩৪৪) যোগে বান্দরবান থেকে পাচারের সময় জব্দ করা হয়। এর আগেও ১৫ ট্রাক চাল রাতের আঁধারে জেলার বাইরে পাচার করেছে সিন্ডিকেটটি।
তবে অভিযোগ অস্বীকার করে সিন্ডিকেটের হোতা মোহাম্মদ আলী বলেন, চালগুলো বিজিবি থেকে নেওয়া নিলামের মাধ্যমে নেয়া এবং এগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, সরকারি চাল পাচারের অভিযোগে সুয়ালক টোল পয়েন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে উপযুক্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩শ বস্তা (১৫টন) চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। পাচারকাজে যুক্ত থাকার দায়ে একজনকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
