বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগ এবং বিএনপির প্রার্থী। সোমবার বিকালে জেলার দূর্গম থানচি উপজেলা বাজার থেকে নৌকা প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগের প্রার্থী পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। অপরদিকে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী জেলা শহরের মধ্যমপাড়া থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই বান্দরবান আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে জেলা শহর’সহ আশপাশের এলাকাগুলো। জোরে শোরে চলছে নৌকা এবং ধানের শীষের মাইকিং। তবে ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি শওকতুল ইসলাম (হাতপাখা) প্রতীকের কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি প্রথমদিনে।
এদিকে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলার তেত্রিশটি ইউনিয়ন, দুটি পৌরসভা এবং সাতটি উপজেলা জুড়ে। বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে এবারের মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৪৯৩ জন। তারমধ্যে ১ লাখ ১৮ হাজার দুইশ ৯৪ জন নারী এবং ১ লাখ ২৯ হাজার একশ ৯৯ জন পুরুষ ভোটার। এরমধ্যে সর্বশেষ গতবছরের সেপ্টেম্বরের হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হন ৬ হাজার ৫৮৬ জন নতুন ভোটার। এবার ১৭৬ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।
