নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে দুটি পৌরসভা এবং ৩৩টি ইউনিয়নে কোভিড১৯ টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে নয়টায় বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটায় বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, প্যানেল মেয়র সৌরভ দাস শেখর’সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান ও লামা পৌরসভার নয়টি ওয়ার্ডে এবং সাতটি উপজেলার ৩৩টি ইউনিয়নে যারা করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। একদিনে বান্দরবানের প্রায় ২১ হাজার জনসাধারণকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে বান্দরবান জেলায় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এই পর্যন্ত ১৫ হাজার ৭২০জন ১ম ডোজ ও ১১০জন ২য় ডোজ গ্রহণ করেছে।
