বান্দরবানে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো: হাসান নামে একজন বেটারিচালিত টমটম গাড়ীর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে নিহতের বাড়িসহ ২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার জানায়, সদরের ক্যাছিংঘাটা এলাকার বাসিন্দার টমটম চালক হাসানকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সোমবার সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অক্সিজেন লাগিয়ে এ্যাম্বুলেন্সে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোগীর সাথে এ্যাম্বুলেন্সে চট্টগ্রাম যাওয়া স্বজন সাহেদুল ইসলাম বাবুল জানান, বউয়ের বড়বোনের ছেলে টমটম চালক হাসান’কে এ্যাম্বুলেন্সে অক্সিজেন লাগিয়ে রাতে সাড়ে ৯টার দিকে বান্দরবান হাসপাতাল থেকে চট্টগ্রামে নেয়া হয়। রাতে মেডিক্যালের নেয়ার পর চিকিৎসক পরীক্ষা করেই করোনা প্রজেটিভের বিষয়টি আমাদের নিশ্চিত করে। মঙ্গলবার ভোররাতে হাসপাতালে হাসানের মৃত্যু হয়। লাশ সকালে হাসপাতাল থেকে লোহাগাড়া গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
তবে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, করোনা উপসর্গ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সোমবার সন্ধ্যায় হাসপাতালের ইমাজেন্সিতে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। সেখানে রোগীর মৃত্যু হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বানু মারমা জানান, নিহত টমটম চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। নমুনা রিপোর্টে সে পজেটিভ শনাক্ত হয়েছে। তাই সংক্রমন রোধে নিহতের বাড়িসহ ২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, পৌরসভার পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখরসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যানেল মেয়র সৌরভ দাস শেখর বলেন, নিহত টমটম চালক বান্দরবান-ক্যাচিংঘাটা রুটে টমটম গাড়ী চালাত। সে ক্যাছিংঘাটার বাসিন্দার মো: আবছারের পুত্র। সংক্রমন রোধে ক্যাচিংঘাটা এলাকায় নিহতের বাড়িসহ ২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
