বাঘাইছড়ির পর নানিয়ারচর উপজেলায়ও ভোট বর্জন করেছেন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান পদের সাত প্রার্থী। ভোট বর্জন করে নির্বাচন স্থগিতের আবেদন করেছেন তারা।
সকাল দশটায় ব্যাপক ভোট জালিয়াতি,রাতে ভোটগ্রহণ এবং দিনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের আসতে না পারার অভিযোগ এনে বাঘাইছড়িতে চেয়ারম্যান প্রার্থী বড়ঋষি চাকমাসহ চার ভাইস চেয়ারম্যানের নির্বাচন বর্জনের পর বেলা সাড়ে এগারোটায় নানিয়ারচর উপজেলাতেও ভোট বর্জনের ঘটনা ঘটলো।
নানিয়ারচরের চেয়ারম্যান প্রার্থী রূপম দেওয়ান অভিযোগ করেছেন, রাতেই বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে এবং দিনের বেলায় আমরা ও আমাদের ভোটাররা কেন্দ্রেই যেতে পারছিনা। সঙ্গত কারণেই নির্বাচনে থাকার কোন মানে নেই। তাই আমিসহ তিন চেয়ারম্যান প্রার্থী এবং চার ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্জন করে নির্বাচন থেকে সরে গেলাম।
তিনি জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী জোন্তিনা চাকমা,পঞ্চানন চাকমাও নির্বাচন বর্জন করেছেন। বর্জনকারি ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন রন বিকাশ চাকমা, সুজিত তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা ও কণিকা চাকমা।
নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসউদ পারভেজ মজুমদার বলেছেন, তিন চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন স্থগিত করার জন্য আমার কাছে একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি।
রাঙামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত,নানিয়ারচর উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন । এদের মধ্যে রূপম দেওয়ান এবং বর্তমান চেয়ারম্যান প্রগতি চাকমা দুজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি( এমএললারমা)র প্রার্থী হিসেবে প্রচার ও দাবি করে আসছিলেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় দলগুলোর কোন প্রার্থী নেই।
