মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন দুস্থ পরিবারের মাঝে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৮টি ইউনিয়নের ৮০ পরিবার পেল বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, এসব দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০টি ঘরের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও দুস্থ পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার বলেন, আমরা এসব ঘর তৈরির জন্য ৪৫ দিন সময় পাই, উপজেলা প্রশাসনের সহায়তায় নির্দিষ্ট সময়ে আমরা এসব ঘর তৈরির কাজ সমাপ্ত করতে পেরেছি। এর বাইরেও ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ ভূমিহীন পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ৪৬টি ঘর তৈরি করে উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এ উপহার পেয়ে অনেক খুশি উপকারভোগীরা, আধুনিক ডিজাইনে দু’কক্ষ বিশিষ্ট ঘরে বারান্দা, পাকঘর ও বাথরুম রয়েছে। দীর্ঘদিন কুঁড়ে ঘরে থাকা এ পরিবারগুলো সুখের নীড় পেয়ে আনন্দে আত্মহারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলায় যাচাই-বাছাই করে ভূমিহীন ও গৃহহীন দুঃস্থ ৮০ পরিবারের মাঝে এসব ঘর দেয়া হয়েছে।
