বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন।
তিনি ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে সু-সংগঠিত করণ ও জনস্বার্থে নেতা-কর্মীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসেন প্রমুখ। সভায় সংশ্লিষ্ট সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
