বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রওশন আরা (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাকে আটক করা হয়। আটক নারী বাঘাইছড়ি পৌরসভার মাস্টার পাড়া এলাকার ইমান আলীর স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার পাড়া এলাকায় ইমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমান আলী পালিয়ে গেলে তার স্ত্রীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়।
এসময় দুই কেজি ১৩৬ গ্রাম গাঁজা, গাঁজা মাপার জন্য ডিজিটাল মেশিনসহ ইমান আলীর স্ত্রী রওশন আরাকে আটক করে পুলিশ। আটক গাঁজার মূল্য লক্ষাধিক টাকা।
বাঘাইছড়ি থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার ব্যবসার সাথে জড়িত, তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার করা হয়েছে। আটক নারীকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামি ইমান আলীকে ধরার জন্য অভিযান চলছে।
