বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলাস্থ বাবুপাড়া নামক স্থানে তথাকথিত জুম্ম জাতীর শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতি(এমএন লারমা) ও সহযোগী সংগঠনের আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শোকপ্রস্তাব পাঠ, কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতি(এনএন লারমা) বাঘাইছড়ি থানার সভাপতি জ্ঞানজিব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি(এনএন লারমা) রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুরেশ কান্তি চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসন চাকমা।
স্মরণসভায় উপস্থিত বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা আদর্শ ও চেতনাকে ধারণ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।
