দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে এমএন লারমা সমর্থিত আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির। বুধবার সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলাস্থ বাসটার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ারে পার্বত্য জনসংহতি সমিতির কার্যালয়ের সামানে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে মানবেন্দ্র নারায়ণ লারমা’র স্মরণে শোক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুম্ম জাতীর পিতা মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্মজাতির অধিকার আদায়ের জন্য ছাত্র জীবন থেকেই আপোষহীন ভাবে কাজ করেছেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তৎকালীন শান্তিবাহিনীর কুচক্রি মহলের হাতে নির্মমভাবে নিহত হন। তাঁর আদর্শ ধারণ করে জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে।’
র্যালি শেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মৃনাল কান্তি চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, সদস্য প্রশান্ত চাকমা ও সমীর চাকমা, দীঘিনালা যুব সমিতির সভাপতি সোনামনি চাকমা, উপজেলা পিসিপি‘র সহ-সভাপতি বিবেক চাকমা প্রমূখ।
