মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় আগুনে পুড়ে গেছে।
বুধবার ১৪ এপ্রিল প্রথম রমজানের দিন, বেলা পৌনে ১২:৩০ মিনিটের সময় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে দেখা যায়, স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও প্রচন্ড আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে পুরো অফিসটি আগুনে পুড়ে সম্পূর্নভাবে ভস্মীভূত হয়। এক ঘন্টা পর পার্শ্ববর্তী উপজেলা দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সুচিত্র চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি এবং পর্যটন নগরী সাজেক,এ উপজেলাতে ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় প্রতিবছর আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কারো কোন ভূমিকা না থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে অনেকবার ফায়ার সার্ভিস স্থাপনের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাঘাইছড়িবাসী,এবারও স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবী জানিয়েছেন।
