মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিএডিসির খাল খনন প্রকল্পের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বান্দরবানের অধীনে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম প্রকল্পের বিএডিসির উদ্যোগে ৩ কিলোমিটার গর্জন ছড়ার ওপর খাল খনন করা হবে বলে জানিয়েছেন বিএডিসি লামা ইউনিটের উপ সহকারী প্রকৌশলী বিধু ভুষণ তালুকদার।
বুধবার সকাল ১০টায় বাইশারী ইউনিয়নের হলদ্যাশিয়া গ্রামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষক বাচলেই, বাঁচবে দেশ ও জাতি। বাইশারীতে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, মসজিদ মন্দির, বিহার উন্নয়নের পাশাপাশি, কৃষকদের জন্য রাবার ড্যাম নির্মাণ পানি বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং বন্যার কবল থেকে বাচার জন্য খাল খননের কাজ শুভ উদ্বোধন করা হয়। এতে করে হাজারো মানুষের দুর্ভোগ কমে আসবে। এসব কিছু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি আন্তরিকতায় সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বিএডিসি লামা ইউনিটের উপ সহকারী প্রকৌশলী বিধু ভূষণ তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, এডভোকেট মোঃ ইসমাইল বান্দরবান জর্জ কোট, সহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ জোন মোঃ আবু নাঈম, সাংবাদিক আবদুল হামিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এর মাধ্যমে গর্জন ছড়া খাল খননের কাজ শুরু হয়।
