নিজস্ব প্রতিবেদক
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিষ্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ। পাহাড়ি জনপদ রাঙামাটিতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নানা আয়োজনে বড়দিন পালন করেছে। বড়দিন উপলক্ষে গির্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানান রঙে সাজানো হয়েছে। রবিবার সকাল থেকে রাঙামাটির আসামবস্তি নির্মলা গির্জা, রাঙামাটি ডিসি বাংলো গির্জা, রাঙামাটি ক্যাথলিক চার্চসহ বিভিন্ন গির্জায় গির্জায় চলে ধর্মীয় অনুষ্ঠান। প্রার্থনার মধ্য দিয়ে যিশু খ্রিষ্টকে স্মরণ করেন এসময় পূণ্যার্থীরা।
যীশুর জন্মদিনে ধর্মীয় অনুষ্ঠান শেষে চলে বিভিন্ন বাড়িতে বাড়িতে উৎসব। বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। বিকেলে গির্জায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গির্জাগুলোতে আলোকসজ্জা করা হয়।
এছাড়া জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় পাংখোয়া ও খিয়াং জনগোষ্ঠীর মানুষ বড় দিন উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
রাঙামাটি ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড় ও দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা।
