সৈকত বাবু ॥
রাঙামাটিতে বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগের চ্যাম্পিয়ন হয়েছে ইয়থ স্পোর্টিং ক্লাব। লীগের সমাপনী ম্যাচে চ্যাম্পিয়ন নিয়ে লড়াই করা আরেক দল সৃষ্টি স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে রাঙামাটিতে বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগ।
রবিবার বিকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লীগের সমাপনীতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ফরহাদ হোসেন আর সেরা গোলদাতা হয় সুকৃতি চাকমা। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা। লীগে রাঙামাটির ১৬টি দল অংশগ্রহণ করে।
