বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় ভিজিডি সঞ্চয়ের জমানো টাকার জন্য যাবার পথে পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় শিশুসহ আরও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার দুপুরে দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের পর্যটন স্পট বগালেক সড়কের কমলা বাগানের উপরে প্রথম খাড়া ঢালুতে দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চার জন পাহাড়ী নারীর মৃত্যু হয়। অপরদিকে আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর আরও ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিহতরা হলেন- থাইক্ষ্যং পাড়ার বাসিন্দার নারী নুনথারময় বম এবং ট্রাকের শ্রমিক সদরের কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়ার বাসিন্দার হ্লাগ্যপ্রু খেয়াং। হতাহত পাহাড়ীরা সকলেই থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় ট্রাকে থাকা শিশুসহ আরও ১১ জন যাত্রী নারী আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার কর রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের সবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী নির্মাণ কাজের শ্রমিক ক্যসিং থোয়াই ও মোহাম্মদ হোসেন বলেন, বগালেক-ক্যাওক্রাডং সড়ক নির্মাণ কাজে মালামাল পরিবহন কাজের খালি দুটি ট্রাক রুমা বাজারে যাবার সময় থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়া পাহাড়ী নারীরা বাজারে যেতে ট্রাকে উঠে। বগালেক কমলা বাগান এলাকায় ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ট্রাকটি সামনে ট্রাকে ধাক্কা দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন পাহাড়ী নারীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারাগেছে। আহত কয়েকজনের অবস্থাও ভালো নয়।
রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা জানান, ঘটনাস্থল হলো রুমা সদর ইউনিয়নের বগালেকের প্রথম ঢালুতে ট্রাক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ৫ জন নারী এবং ১ জন শ্রমিক রয়েছে। হতাহতদের মধ্যে শ্রমিক ছাড়া অন্যরা সকলেই রেমাক্রী পাংসা ইউনিয়নের থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দার। তারা ট্রাকে করে সরকারীভাবে ভিজিডি সঞ্চয়ের জমানো টাকা উত্তোলন করতে রুমা বাজারে আসতেছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগানের উপরের ঢালু রাস্তায় ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিলো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Previous Articleতুলাবান বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Next Article দুঃখ ঘুচবে কাউখালীর আরও ৪১ পরিবারের
