রাঙামাটির প্রবীন সাংবাদিক ও দৈনিক সংবাদ এর পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি খুলে ‘আপত্তিকর’ ‘উস্কানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’ পোস্ট করার ঘটনায় থানায় সাধারন ডায়রি করেছেন তিনি।
শনিবার রাতে রাঙামাটির কোতয়ালি থানায় সশরীরে উপস্থিত হয়ে ডায়রিটি করেন সুনীল কান্তি দে।
তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে আমার ছবি,নাম ও পরিচয় ব্যবহার করে কে বা কারা একটি একাউন্ট করে আপত্তিকর পোস্ট দিচ্ছিলো ফেসবুকে। বিভিন্ন সময় সাম্প্রদায়িক,উস্কানিমূলক এবং আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছিলো।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, বিষয়টিকে আমরা সিরিয়াসলি নিয়েছি। সুনীল দাদা রাঙামাটির একজন সিনিয়র ও শ্রদ্ধাভাজন সাংবাদিক। তার আইডি ব্যবহার করে যারা এটি করছে তাদের সনাক্ত করার পর তথ্য প্রযুক্তি আইনে মামলা হবে। আইডিটি সনাক্ত করার জন্য পুলিশের বিশেষ বিভাগে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সাংবাদিক সুনীল কান্তি দে জানিয়েছেন, কে বা কারা এটি করছে আমরা ইতোমধ্যেই তার সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছি। পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখা থেকেও আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করছি, এই ধরণের অপপ্রচার বন্ধ হবে এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

১ Comment
তীব্র নিন্দা জানাই।।