ইয়াছিন রানা সোহেল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির ফুরমোনের পাহাড়ের পাদদেশে শত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের ফুরমোন পাহাড়ের পাদদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙামাটি জেলাপ্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দূর্গেশ^র চাকমা ও নাসরিন আক্তার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জন্মশতবার্ষিকী উপলক্ষে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের উঁচু পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। বৃক্ষ রোপণের পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় এলাকা ফুরমোন পাহাড়কে দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ পাহাড়ের পাদদেশে বিভিন্ন প্রজাতির একশ’ চারা রোপণ করেন।
