পৌর নির্বাচন পর্যন্ত রাঙামাটিসহ ৭ ডিসির বদলির আদেশ স্থগিত রাখার জন্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি অনুযায়ী, ফলাফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির পরামর্শ ছাড়া সংশ্লিষ্টদের বদলি না করার বিধান রয়েছে।
গত ২৮ জানুয়ারি ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় ডিসি পদে রদবদলের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভার ভোট থাকায় ইসি বদলি স্থগিতের জন্য চিঠি দেয়।
জনপ্রশাসন সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারিতে ঝিনাইদহ জেলার মহেশপুর ও কালীগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন, ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভা, ভোলা জেলায় চরফ্যাশন ও ভোলা পৌরসভাসহ ৩১টি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার জেলার হোমনা ও দাউদকান্দি পৌরসভা, ময়মনসিংহ জেলার ফুলপুর ও ত্রিশাল পৌরসভা, রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি পৌরসভাসহ ৫৬টি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে।
চিঠিতে বলা হয়, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে কুমিল্লা, ময়মনসিংহ, ঝিনাইদহ ও ভোলার বদলি আদেশ ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
“একইভাবে রাঙ্গামাটির ডিসির বদলির আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত; দিনাজপুর ও কুষ্টিয়ার ডিসির বদলির আদেশ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলেছে ইসি।”
প্রসঙ্গত, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই বদলী হয়েছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। তাকে খাদ্য মন্ত্রনালয়ে পদায়ন করা হয়। সেই হিসেবে বিদায়ের সকল প্রস্তুতিও শেষ করছিলেন তিনি। এই অবস্থায় নতুন আদেশে বদলী স্থগিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়কে চিঠি দিলো নির্বাচন কমিশন।
রাঙামাটির জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেইভাবেই কাজ করব।
