নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নে বর্তমান সরকার নানামুখী উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলেছে। কিন্তু সরকারের উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। তারা পাহাড়ে জঙ্গিদের আশ্রয় দিয়ে সহযোগিতা করছে। জঙ্গি ও সন্ত্রাস থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জঙ্গি ও সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাস দমন সেনাবাহিনী ও র্যাবের পক্ষে একা সম্ভব নয়। এসময় তিনি পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার দুপুরে বান্দরবানে রুমা উপজেলায় উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেছেন। পরে রুমা উপজেলার ৪টি ইউনিয়নের ১৫শ ৯৬ জন মানুষের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিভাগ জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩ কোটি ২৫লাখ ব্যয়ে বেথেল পাড়া ইসিসি জুনিয়র সানডে স্কুল ভবনের উদ্বোধন এবং ছেপো পাড়া বৌদ্ধ বিহার, রুমা বাস টার্মিনাল, মুনলাই পাড়া মাল্টি পারপাস সেন্টার ও জাইঅন পাড়া ইভানজেলিক্যাল খ্রীস্টিয়ান চার্চ এবং পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
