পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া বিশেষ বরাদ্দ বন্টন শুরু করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সোমবার রাঙামাটির বরকল উপজেলার প্রতি ইউনিয়নে ৩ মেট্রিক টন করে ৫টি ইউনিয়নে মোট ১৫ মেট্রিক টন খাদ্যশষ্য প্রায় পনের শতাধিক পরিবারের মাঝে বিতরন করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সোমবার সকালে বরকল উপজেলার ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন ও ৫নং বড় হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা’র হাতে খাদ্যশস্যের ডিও’গুলো প্রদান করেন।
ডিও, প্রদানকালে ১২ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিতরণকৃত খাদ্যশস্যগুলো বরকল ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষগুলো যাতে সঠিকভাবে বন্টনের মাধ্যমে পায় এবং একই ব্যাক্তি যাতে বার বার না পায়, সে বিষয়ে ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের সার্বিক সহযোগিতা থাকবে।
এর আগে সুবলং ইউনিয়ন পরিষদ ও বরকল সদর বাজারে পৃথক ভাবে অন্য ৩ ইউনিয়ন পরিষদ চেয়াম্যানগনের হাতে খাদ্যশস্যের ডিও গুলো প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যরা।
এ সময় সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা চাকমা’সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডিও বিতরণকালে প্রাক্তন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার অবস্থান থেকে এই কর্মহীন দুস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে কোন অসহায় পরিবার না খেয়ে কষ্ট না পায়। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া ও করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, যেসব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করে সেইসব অসহায় মানুষের পাশে থেকে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এর আগে গত ১এপ্রিল বরকল উপজেলার ৫টি ইউনিয়নের ২৬২টি অসহায় পরিবারের মাঝে জেলা পরিষদ হতে ৬কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবন, ১কেজি আলু, সাবান’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়েছিল।’
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর সম্প্রতি বান্দরবানে সাংবাদিকদের জানিয়েছেন, পার্বত্য মন্ত্রনালয় করোনা মোকাবেলায় তিন পার্বত্য জেলা পরিষদকে দেড় কোটি টাকা এবং ৬০০ মেট্রিকটন খাদ্যশস্য সহায়তা প্রদান করেছে।
