করোনার প্রভাবে বিপদগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে। ব্যক্তিগত ও সামাজিক সংগঠনের ব্যানারে যে-যেভাবে পারছেন সহযোগিতা করছেন। যার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়, সোমবার সকালে ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন “অল নাইস শিক্ষা ফাউণ্ডেশন”। করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী এসব পরিবারের কাছে, সংগঠনের সদস্যবৃন্দ সহায়তা সামগ্রী পৌঁছে দেয়। সরকারি-বেসরকারি সমমনা কর্মজীবীদের নিয়ে গড়া সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই সহায়তা দেয়া হয়। সহায়তা কার্যক্রমের বিশেষত্ব হচ্ছে, অল নাইস এর সদস্যগণ সহায়তা সামগ্রী হাতে হাতে না দিয়ে, গ্রহীতার ছবি না তুলে, বাড়ির আঙ্গিনায় রেখে আসেন।
এর আগে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি শাখার উদ্যোগে ১৬৫ পরিবারের মাঝে, পানছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও সনাতন ছাত্র-যুব পরিষদের পক্ষ থেকে ৮০ পরিবারকে, বন্ধু কল্যাণ সমবায় সমিতি ৩০ পরিবার, ফুটন্ত ফুল ব্যবসায়ী সমিতি ৪০ পরিবার, পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও ব্যবসায়ী মো. আব্দুল আজিজের উদ্যোগে ৫০ পরিবার, সাংবাদিক শাহজাহান কবির সাজু ১০ পরিবারের মাঝে সহায়তা সামগ্রী দান করে।
অন্যদিকে কলাবাগান-আচাই মহাজন পাড়া ও আদি ত্রিপুরা পাড়া সচেতন যুব সমাজ, উপজেলা ছাত্রলীগ, লোগাং যুব সমাজ, মরাটিলা সচেতন যুব সমাজ, জাগো ফাউণ্ডেশন, কলোনীপাড়া-সাঁওতালপাড়া যুব সমাজ, পানছড়ি ফুটবল একাডেমি, যুব রেড ক্রিসেন্ট, পানছড়ি স্বাস্থ্য বিভাগ জীবানুনাশক ছিটানো, মাস্ক, করোনা ভাইরাস প্রতিরোধ লিফলেট বিতরণ সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
এদিকে করোনার প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ ও সময় নির্দিষ্ট করে দিয়ে দোকানপাট খোলা রাখার নির্দেশনা জারি করেছে পানছড়ি উপজেলা প্রশাসন। বিকাল পাঁচটা হতে পরদিন সকাল ৮টা পর্যন্ত ঔষধপণ্যের দোকান ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাক্ষরিত নির্দেশনা পত্রে। অপরদিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন ও কামরুজ্জামান (তদন্ত) এর নেতৃত্বে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। জনসেবায় তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি। ফলে বাড়ছে সচেতনতা। রাস্তাঘাটে সাধারণ মানুষের জমায়েত কমে আসছে।
