নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্পের ২৬টি উপজেলার ২৮টি মডেল পাড়াকেন্দ্রের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাশরুম উপকরণ হস্তান্তর করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর বাস্তবায়নাধীন সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মডেল পাড়াকেন্দ্রসমূহে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মলেন কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাড়াকেন্দ্রের পাড়াকর্মী ও শিশুদের উপস্থিতিতে তাদের হাতে ডিজিটাল কনটেন্টসহ ট্যাব, পাঠ্যপুস্তক ও অন্যান্য উপকরণ তুলে দেয়া হয়।

ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, জন্মের পর থেকেই শিশুর জ্ঞানার্জন শুরু হয় সেই ধারণা এবং কাজটি শুরু হয়েছে পাড়াকেন্দ্রের কার্যক্রমের মাধ্যমে। পাড়াকেন্দ্র একটি অসাধারণ অভিজ্ঞতা, পার্বত্য চট্টগ্রামের মত দুর্গম এলাকায় সামাজিক উন্নয়নে পাড়াকেন্দ্রের ভূমিকা অপরিহার্য। পাড়াকেন্দ্রের কার্যক্রম সামনে বন্ধ হয়ে যাবে এমন খবরে তিনি কষ্ট পেয়েছেন জানিয়ে পাড়াকেন্দ্রকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি বড় অর্জন এবং ঐ মন্ত্রণালয়ের মাথার পালক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ পালক খসে পড়লে সকল অর্জন ম্লান হয়ে যাবে। পাড়াকেন্দ্র প্রকল্পটিকে টিকিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের তিনি আহবান জানান এবং পাড়াকেন্দ্রের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিআরসির মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এনডিসি, এফডাব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও বিজয় ডিজিটাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই। সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব প্রকল্পটির বিস্তারিত তুলে ধরেন। প্রকল্পটির মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ২৮টি মডেল পাড়াকেন্দ্রে শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ করা হচ্ছে।
