ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য দিনব্যাপী কাপ্তাই হ্রদ ভ্রমণ প্যাকেজের যাত্রা শুরু করেছে রাঙামাটি জেলা আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি। শুক্রবার সকালে শহরের পর্যটন অবতরণ ঘাটে এ উদ্যোগের উদ্বোধন ঘোষণা করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।
এসময় আরো উপস্থিতি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, হোটেল মালিক সমিতির সভাপতি দীপংকর দেওয়ান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. ছাইফুল ইসলাম, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আনোয়ার মিয়া বানু, পৌর কাউন্সিলর করিম আকবর, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
উদ্বোধন শেষে দীপংকর তালুকদার বলেন, পৃথিবীতে কাপ্তাই হ্রদের মত এতো সুন্দর হ্রদ আর পাওয়া যাবে না। হ্রদে স্বল্প খরচে ঘুরে বেড়ানোর জন্য মালিক সমিতির এ ধরনের মহতি উদ্যোগ এখানকার পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, এখানে যারা পর্যটন শিল্পকে বাধা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের হাত থেকে রক্ষা পেতে সবার আরো জনসচেতনতা দরকার।
হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম জানান, পাহাড়ধসের পর এখানকার পর্যটক শিল্প কিছুটা ঝিমিয়ে পড়েছিলো। সারাদেশে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ আছে, তাই আমরা পর্যটকদের রাঙামাটিতে ভ্রমণের আকর্ষণ বাড়াতে এমন পদক্ষেপ নিলাম।
