নিজস্ব প্রতিবেদক
বহুদিন পর রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়ানোর দুইদিন আগেই নিজেদের ভোটে নেতৃত্বের বদল আসলো রাঙামাটি ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনে । ১২ ফেব্রুয়ারি রাঙামাটি মারী স্টেডিয়ামে রাঙামাটি পার্বত্য জেলা শাখার নির্বাচন-২০২২ এ সভাপতি পদে মো: হান্নান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন সোহেল।
সভাপতি পদে মো: হান্নান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাদাৎ মো. সায়েমকে এবং সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দিন সোহেল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল করিম লালুকে হারিয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্ণেন্দু ত্রিপুরা। নির্বাচনে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, যুগ্ম-সম্পাদক মিথুল দেওয়ানসহ জেলা আম্পায়ার ও স্কোরাররা উপস্থিত ছিলেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাঙামাটির চিংহ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে জেলার প্রথম বিভাগ ক্রিকেট লীগ। এই লীগসহ জেলার ক্রিকেট পরিচালনা করা আম্পায়ারদের এই সংগঠনে ২৪ জন সদস্য আছেন,যাদের ১৮ জন শনিবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
