জিয়াউল জিয়া
রাঙামাটি শহরের রিজার্ভবাজারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ঠিক উপরেই কাপ্তাই হ্রদের তীরে আকস্মিকভাবে পাঁচটি দোকানঘর ধসে পড়েছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও দোকানগুলোতে রক্ষিত জিনিসপত্র ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
সোমবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দোকানীরা এই ধসের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওই ভবনটিকেই দুষছেন।
দোকানদাররা জানান, কয়েক দিন ধরে টানা বর্ষণের ফলে সড়কের পাশ দিয়ে পানি প্রবেশ করায় গত কিছুদিন ধরে দোকানগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছিল। এর কারনে মাটিও নরম হয়ে সড়ে পড়ছিল। আমরা এই বিষয়টি মালিককে অবগত করি। পরে আজ সকালে সবগুলো দোকান একসাথে ভেঙ্গে পড়ে।
তারা আরও অভিযোগ করেন, দোকানগুলো নিচের অংশে কাপ্তাই হ্রদের পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিলো। দোকানগুলোর নিচের অংশ থেকে মাটি কাটার ফলে এমন দুর্ঘটনা ঘটে বলে তারা জানান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানায়, দোকানগুলোর পাশেই একটি বড় দালান নির্মাণ করা হচ্ছে। গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দোকানগুলো নরম হয়ে পড়লে আজ সকালে কোনও কারণ ছাড়াই ভেঙ্গে পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
