সারাদেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মৌন র্যালী ও মানববন্ধন করেছে ‘হৃদয়ে বাঘাইছড়ি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার সকালে সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক ‘হৃদয়ে বাঘাইছড়ি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিজ কার্যালয় থেকে র্যালি বের হয়ে চৌমুহনী মার্কেট হয়ে উপজেলা পরিষদ এর সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হৃদয়ে বাঘাইছড়ির সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের প্রতিবাদ জানায়, মানববন্ধনে হৃদয়ে বাঘাইছড়ি এবং উজানী যুব শিল্পীগোষ্ঠীর সদস্যসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‘হৃদয়ে বাঘাইছড়ি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান সোহাগ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ‘হৃদয়ে বাঘাইছড়ি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু নাসের।
সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পিয়াল দত্ত, সজীব চক্রবর্তী, তোনি চাকমা, তৌয়বুর রহমান ও মোঃ ইসমাইল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ। নোয়াখালীর বেগমগঞ্জে নববধূকে গণধর্ষণ ও মধ্যযুগীয় কায়দায় নারীকে নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে।
তারা আরো বলেন, ‘পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।’
ধর্ষকদের জন্য সরকারের অর্জন বিসর্জন হচ্ছে বলে মন্তব্য করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির নেতারা।

