খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। রবিবার খাগড়াছড়িতে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সহ জেলা, উপজেলা/পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাষ্ট্র এখন একনায়তন্ত্রে চলছে। জনগণের আশা আকাঙ্খা পূরণে অবৈধ এই সরকার পুরোপুরি ব্যর্থ। তাঁরা এখন জনগণের অর্থ লুটেপুটে খেয়ে তেল, গ্যাস, পানি বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে জিম্মি করে ফেলছে। সরকার পালানোর পথ খুঁজে পাবে না জানিয়ে বক্তারা অবিলম্বে সাধারণ মানুষের সকল ধরনের প্রত্যাশা পূরণের দাবি জানান।
