খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সকালে শহরের নারিকেল বাগান এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, দীঘিনালা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি আলম, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি তসলিম উদ্দিন রুবেল। এসময় জেলা, সদর উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে তখন বিএনপি-জামাত একের পর এক ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্র করে উন্নয়নের মহাসড়ক থেকে দেশকে নামানো যাবে না জানিয়ে বক্তারা বিএনপি-জামাতের নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে বলে হঁশিয়ারি দেন।
