দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়িতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে চা বিক্রি করায় বনফুল নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা ও শাস্তির আদেশ প্রদান করেন।
এসময় বনফুলের মালিক মোঃ জাকারিয়া জরিমানার ১০ হাজার টাকা নগদ পরিশোধ করলে ১৫ দিনের জেল মওকুফ করে আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এছাড়াও অকারনে রাস্তায় বের হওয়ায় ৪ মোটর সাইকেল চালককে ২ শত টাকা করে ৮ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের চলমান অভিযানের অংশ এটি। যারাই সরকারী আদেশ অমান্য করবে তারাই আইনের আওতায় আসবে।
এর আগে গতকাল ১৯ এপ্রিল রাত ৮টার দিকে সরকারী আদেশ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় চৌমুহনী বাজারের বাঘাইছড়ি স্টোরের মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট।
