কভিড ১৯ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে সরকার জেলাওয়ারি দায়িত্ব প্রদান করেছেন সরকারের শীর্ষ কর্মকর্তাদের।
এই কার্যক্রম তদারকি করতে রাঙামাটি জেলার দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীকে।
খাগড়াছড়ি জেলার দায়িত্ব দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে।
বান্দরবানের দায়িত্ব দেয়া হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাক্ষরিত ২০ এপ্রিল তারিখের এক আদেশে এই দায়িত্ব অর্পন করা হয়।
একই আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য,জেলা পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়ন সাধন করে কভিড ১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষন করবেন।
জেলার আইনশৃংখলা পরিস্থিতি পরিবীক্ষন ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন,প্রাপ্ত সমস্যা ও চ্যালেঞ্জকে সংশ্লিষ্ট বিভাগ,মন্ত্রীপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।
