রাঙামাটিতে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে পাহাড়ের প্রধান দৈনিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধা বৃত্তি পরীক্ষা-২০১৮। শুক্রবার সকালে রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে রাঙামাটির লংগদু উপজেলায়ও বৃত্তি অনুষ্ঠিত হয়।
২০১৭ সালে প্রথমবার দৈনিক পার্বত্য চট্টগ্রামের উদ্যোগে সফল ও সুন্দর এই আয়োজনের পর এবার ২০১৮ সালেও একইভাবে আয়োজন করা হয়েছে জেলার তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী এই প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষা। পত্রিকাটির নিজস্ব উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় এবছর ৭৪১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছেন মেধা বৃত্তি-২০১৮ পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল বিন হাসান। এই বছর মেধাবৃত্তি পরীক্ষা রাঙামাটি শহরের পাশাপাশি লংগদু উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। লংগদু উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তিতে ১৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শুক্রবার শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুইঘন্টাব্যাপি পরীক্ষায় অংশগ্রহণকারিরা বাংলা,ইংরেজি,গণিতের ৬০ নাম্বারের পাশাপাশি ৪০ নাম্বারের ‘যা সিলেবাসে নেই’ শীর্ষক মেধাযাচাইয়ে অবতীর্ণ হয়।
রাঙামাটির প্রবীণ শিক্ষাবিদ সত্যনন্দী,প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী,বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক জসীমউদ্দীন বৃত্তি চলাকালে কেন্দ্র পরিদর্শন করেছেন।
