আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের আইন শাসন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন ও বিচার বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে চারটি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ এহ্সানুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, জজ কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩১ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির হল রুম নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির ভবনের (৩য় তলা) নির্মাণ, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষ নির্মাণ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে জজ কোর্ট জামে মসজিদের অজুখানা ও ইমামের বাসভবন নির্মাণ।
মন্ত্রী বীর বাহাদুর এমপি আরো বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পাশাপাশি আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের ক্ষেত্রে উন্নয়নে অভাবনীয় সাফল্য এসেছে।
