রাঙামাটির গরুর হাটের বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে বড় গরুটি দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। বুধবার রাতে গরুটি কিনেন শহরের বনরূপার ব্যবসায়ী মোহাম্মদ জালাল সওদাগর। শহরের পুরাতন বাস স্টেশন ট্রাক টার্মিনাল হাটে গরুটি বিক্রি হয়।
গরুর মালিক মোঃ মোস্তফা গরুটির দাম দুই লাখ আশি হাজার টাকা দাম হাকিয়েছিলেন। তিনি জানান, বুধবার রাত দশটা পর্যন্ত গরুটির সর্বোচ্চ এক লাখ একানব্বই হাজার টাকা পর্যন্ত দরদাম করে ক্রেতারা। রাত এগোরটার দিকে দুই লাখ টাকায় বিক্রি করা হয়। সাত মন ওজনের এই গরুটি ছাড়াও আরো একটি বড় গরু তিনি হাটে তুলেছেন। প্রায় ছয় মন ওজনের ওই গরুটির দাম দুই লাখ বিশ হাজার টাকা। দুটি গরুই দেশি জাতের বলে জানান তিনি। ব্যাপারী মোহাম্মদ মোস্তফা জানান, তিনি প্রতিবছর এক থেকে দেড়শো গরু বিক্রি করেন। এবছরও তিনি লংগদুর মাইনীতে ইতোমধ্যে একশোর মত গরু বিক্রি করেছেন। আর রাঙামাটিতে নিয়ে এসেছেন ৫১টি গরু। এরমধ্যে ৭টির মত বিক্রি হয়েছে।
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, হাটে পর্যাপ্ত গরু থাকলেও দাম কিছুটা বেশি। শুক্র-শনিবারের দিকে দাম কিছুটা কমতে পারে বলেও তারা আশা করছেন।
ট্রাক টার্মিনাল ইজারাদার শাওয়াল উদ্দীন বলেন, হাটে গরু পর্যাপ্ত থাকলেও এখনো ক্রেতা কম। আশা করছি শুক্র-শনিবার গরু বেশি বিক্রি হবে।
