দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম ৪গ্রামে শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় পানির ব্যবস্থা করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। চার গ্রামের প্রায় ৪শতাধিক পরিবার এ সুবিধা ভোগ করবেন। শনিবার গ্রাম চারটিতে পানির ট্যাংক বসিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে বিশুদ্ধ পানি নিয়ে ট্যাংকগুলো ভর্তি করে দিয়ে বিশুদ্ধ পানির সমস্যা সমাধানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
গ্রাম ৪টি হলো উপজেলার মেরুং ইউনিয়নের নয়মাইল ত্রিপুরা পাড়া ও সীমানা পাড়া, এবং কবাখালি ইউনিয়নের রিজার্ভছড়া ও জোড়াব্রিজ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিশুদ্ধ পানি সরবরাহের সংবাদ পেয়ে স্থানীয়রা কলসি, বালতিসহ বিভিন্ন পাত্র দিয়ে পানি সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। রিজার্ভছড়া এলাকার মিলি চাকমা (২৫), কালিন্দি চাকমাসহ (৩৮) অনেকেই জানান, শুকনা মৌসূমে বাসস্থানের পাশের্^ কোথাও পানি থাকে না। অনেক দূরের ছড়া থেকে পানি সংগ্রহ করতে হয়, সেটিও আবার বিশুদ্ধ নয়। এমন সময়ে সেনাবাহিনী পানির ব্যবস্থা করা সকলেই অনেক উপকৃত হয়েছে।
পানি সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত থাকা সেনাবাহিনীর দীঘিনালা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন জানান, চারটি গ্রামের পানির ট্যাংকগুলি স্থানীয়দের চাহিদা অনুযায়ী প্রতিদিন বিশুদ্ধ পানি দিয়ে ভর্তি করে দেওয়া হবে।
