বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচিতে বলিপাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান-ঘর। ক্ষয়ক্ষতি কয়েককোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আজ বুধবার ভোরে সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে বলিপাড়া বাজারে দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে অর্ধশতাধিক বিভিন্ন জিনিসপত্রের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি’সহ স্থানীয়রা দীর্ঘ দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়স্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান কয়েককোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বলিপাড়া বাজার ব্যবসায়ি সভাপতি অংসিংম্যা মারমা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ পেয়ার জানান, বলিপাড়া বাজারে ভয়াবহ আগুনে ৫৩টি দোকান-ঘর পুড়ে গেছে। কয়েকঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে পেরেছি। তবে আগুনে ক্ষয়ক্ষতি এবং অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
