থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলার গহীন অরণ্যে ৩০ একর জমির ১১কোটি টাকার পপিক্ষেত পুড়িয়ে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়ন এলাকার গভীর অরণ্যে অভিযান চালিয়ে পাহাড়ি জমিতে আইন শৃঙ্খলাবাহিনীর চোখের আড়ালে চাষ করা পপিক্ষেতগুলো পুড়িয়ে দেয় বিজিবি।
থানচি ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক এর নেতৃত্বে বিজিবি’র একটি টিম তিন্দু ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকার আলাদা আলাদা পাঁচটি টিলার অনুমানিক ৩০ একর পাহাড়ি জমিতে চাষ করা পপিক্ষেত ধ্বংস করতে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পপি চাষীরা পালিয়ে যায়। যার কারনে ঘটনাস্থল থেকে কাউকে আটক করার সম্ভব হয়নি। পরবর্তীতে পপিক্ষেতগুলো পুড়িয়ে ধ্বংস করে বিজিবি’র টিমটি। পুড়িয়ে দেওয়া পপির মূল্য আনুমানিক ১১কোটি ২৫লাখ টাকা।
অভিযান শেষে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল- আলম পিএসসি জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ও ২রা ফেব্রুয়ারি দুই দফায় একই এলাকায় অভিযানে প্রায় ১২ একর জমির পপিক্ষেত পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।
