খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ম্যাজিক্যাল ত্রিপুরার সন্ধানে শুরু হয়েছে কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্প। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আয়োজনে প্রশিক্ষণ ক্যাম্পে প্রথম পর্যায়ে প্রায় অর্ধ-শতাধিক ত্রিপুরা কিশোরী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এই ক্যাম্পের সেরা খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতে খাগড়াছড়ির সেরা নারী ফুটবল দল গঠিত হবে। একদিন না একদিন ত্রিপুরা নারীরাও জাতীয় নারী ফুটবল দলের নাম লেখাবে। তাই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ক্যাম্পের পরেও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সহ-সভাপতি বিবিৎসু ত্রিপুরা সুকান্ত এবং সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কোচ তুহিন কুমার দে, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক সদস্য আনুচিং মগিনী, জ্যোতিষ বসু ত্রিপুরা।
