থানচি প্রতিনিধি
বান্দরবানে থানচিতে তিন্দু ইউনিয়নের বড় পাথর পর্যটন কেন্দ্রের এলাকা থেকে বিজিবি অভিযানের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ – উল- আলম পিএসসি নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির অভিযানে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। যার মূল্য ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা, এর আগে নীলদিগন্ত পর্যটন এলাকা থেকে ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’এর আওতায় সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল/দমনে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাবহত থাকবে।
