পর্যটন এলাকায় আনারসের ময়লা ফেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মারধরের শিকার হয়েছেন নূর আলম (২৬) ও তার পিতা আব্দুস সামাদ। গত বৃহস্পতিবার পর্যটন এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার নূর আলম রাঙামাটি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার বাড়ি ফিরলেও তার পিতার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। এই ঘটনায় নূর আলম বাদি হয়ে কোতয়ালী থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
মামলা এজাহারে বাদি নুর আলম উল্লেখ করেন, ঝগড়া বিল দেওয়ান পাড়ার মো. নাঈম (২৪), মো. আরাফাত (২১), মো. সবুর (৪০), নুর মোহাম্মদ আমি (৫১), পেয়ার আলী (৪৮) ও মো. সালাউদ্দিন (২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় বাদির দোকানে এসে কাঠের বাটাম দিয়ে হামলা করে। এসময় নুর আলম ও তার পিতাকে মারাত্মকভাবে আহত করলে স্থানীয়রা তাদেরকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করে।
মামলার বাদি জানান, আনারসের ময়লা ফেলাকে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটে। এর আগেও তাদের সাথে একই বিষয়ে ঝামেলা হওয়ার পর তারা আর ঝামেলা করবে না মর্মে স্ট্যাম্পে সই দেয় বলে জানায় বাদি।
এদিকে কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি মো. নাঈম ২০১৬ সালে আরেকটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি রাঙামাটি আদালতে বিচারাধীন রয়েছে।
কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, নাঈমকে প্রধান আসামি করে আরো পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।