খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক শহীদ তালুকদারকে দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ।
রবিবার সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। নাগরিক সমাজের আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সনাকের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, এডভোকেট প্রতিম রায় পাম্পু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, রাঙামাটি ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. পরশ খীসা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নাগরিক কমিটির সমন্বয়কারি প্রদীপ চৌধুরী, প্রকৌশলী নির্মল দাশ, নারী অধিকার নেত্রী সেফালিকা ত্রিপুরা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা, মাতৃভাষা গবেষণায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক আজিম উল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য ধীমান খীসা, নারীনেত্রী লালসা চাকমা, সাংবাদিক চিংমেপ্রু মারমা, ফারিয়ার সাধারণ সম্পাদক তিলক বড়–য়া, খাগড়াছড়ি নাগরিক সমাজের সদস্য সচিব আবু দাউদ প্রমূখ।
মানববন্ধনের বক্তব্যে বক্তারা বলেন, ডাক্তার শহীদ তালুকদার একজন সাদামনের মানুষ। পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক। একজন জনদরদি অসাম্প্রদায়িক চিকিৎসক। কঠিন সময়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়ে সরকারের গুরু দায়িত্ব পালন করছেন।
অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দাবি জানান বক্তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
তারা বলেন, ডা. শহীদ তালুকদার জেলা পরিষদের হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগ কমিটির সদস্য ছিলেন না। তিনি ছিলেন আবেদন যাচাই-বাছাই কমিটির একজন সদস্য মাত্র। তাঁর কথায় বা স্বাক্ষরে কারো চাকুরী হয়নি। তাছাড়া মূলসনদ দেখার নৈতিক দায়িত্বও তাঁর হাতে ছিলো না। তাই আমরা চাই মামলাটির অধিকতর তদন্ত করে প্রকৃত দোষীদের সাজা দেয়া হোক। পাহাড়ের সাদামনের মানুষ ডাক্তার শহীদ তালুকদারকে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি প্রদান করা হোক।
মানববন্ধন শেষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় এক হাজার লোকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস স্মারকলিপিটি গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।
উল্লেখ্য, ডাক্তার শহীদ তালুকদার বর্তমানে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন।
