কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করলে তারা কারাগার থেকে মুক্তি পায়।
প্রসঙ্গত, কেপিএম ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক এমরানের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেয় সিবিএ সভাপতি-সাধারণ সম্পাদক। গত ১৩ জুলাই ওই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদনের নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন রাঙামাটি চিফ জুডিসিয়াল আদালতের বিচারক মো. ফারুক কেপিএমের শ্রমিক নেতা সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন না মঞ্জুর করে সি-ডাব্লিউ মূলে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পুনরায় জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। একই দিন সন্ধ্যায় কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এবিষয়ে সদ্য কারামুক্ত কেপিএম সিবিএ’র সভাপতি-সাধারণ সম্পাদকের দৃষি আাকর্ষণ করলে তারা বলেন, আমাদের সম্মানহানি করার উদ্দেশ্যে কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান মিথাা, বানোয়াট ও মনগড়া অভিযোগে আমাদের বিরুদ্ধে এই মামলা রুজু করেছে। তারা আরও বলেন, ইতিমধ্যে মামলাটি যে মিথ্যা তার যথেষ্ট প্রমাণ রয়েছে। কারণ, যে অভিযোগে মামলা হয়েছে, সে সম্পর্কে স্থানীয় পুলিশ ইন্সপেক্টর, ডিএসবি, ওয়ার্ড মেম্বার, ইউপি চেয়ারম্যান, কেপিএম প্রশাসন কিছুই জানে না। এতে প্রমাণিত হয় মামলাটি একটি সাজানো মামলা।
