ইয়াছিন রানা সোহেল
রাঙামাটির নানিয়ারচরে বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের গোলরক্ষক রুপনা চাকমার মা। শুক্রবার(৯ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সম্মাননা স্মারক প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে ফুটবলার রূপনার মা কালা সোনা চাকমাকে কে এই সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা ধীমান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটি জেলায় জয়িতা পুরস্কার পেয়েছেন ৫ জন। রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৫ জন জয়িতার হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।
