‘দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৯। দিবসটি উপলক্ষে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে ফেষ্টুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ধরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়,সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা । স্বাগত বক্তব্য রাখেন মোঃ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, যুবরা নিজেকে নিয়ন্ত্রন করে জঙ্গী ও মাদকের ছোবল থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষিত বেকার যুবরা এখন ঘরে বসে থাকার সময় নেই। বর্তমান সরকার যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সরকারের এ সুযোগগুলোকে আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে।
তিনি যুবদের ফলজ বাগান, খামার, মাশরুম, মৎস্য চাষ’সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করারও পরামর্শ দেন চেয়ারম্যান। তিনি আরো বলেন, ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাসেবা কার্যালয় হতে প্রশিক্ষণপ্রাপ্তদের আতœকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদ হতে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। আগামীতে পরিষদ এ জেলার বেকার যুবদের কল্যাণে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে। এ প্রকল্পের মাধ্যমে অনেক বেকার যুবদের আত্ম কর্মসংস্থানের সুযোগ হবে।
আলোচনাসভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন যুবককে ২ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋন, ৪ জনকে ৮৫ হাজার টাকার অনুদান, যুব উন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২২জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ, যুব দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চেক ও বিভিন্ন সংগঠনকে সমাজসেবা এবং আতœকর্মসংস্থানমূলক কাজে অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট বিতরন করেন অতিথিরা।
