বিরোধের জের ধরে রাঙামাটি জেলা ছাত্রলীগের ছয় নেতাকে ‘সাময়িক বহিষ্কার’র প্রতিবাদে ও এই আদেশ প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এসে সমাবেশ করে।
জেলা ছাত্রলীগের ‘বহিষ্কৃ সহ-সভাপতি সাইফুল আলম রাশেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বহিষ্কৃত নেতা সুলতান মাহমুদ বাপ্পা, রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা স্নেহাশীষ চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, নিজেদের একের পর এক অপকর্মের ঘটনা ধামাচাপা দিতে ‘অবাঞ্ছিত’ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ষড়যন্ত্র করে কেন্দ্রীয় ভুল বুঝিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের জনপ্রিয় নেতাদের বহিষ্কার করেছে। এতে ছাত্রলীগের কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বক্তারা অতিসত্ত্বর বহিষ্কারাদেশ বাতিল করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বহিষ্কৃত নেতারা বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করে নিজেরাই জেলা ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই ছয় নেতাকে বহিষ্কার করেছে বলে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
